সাঈদ আহমেদ সাবাব :
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা বিএনপির মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেলা প্রশাসন দলকে হারিয়ে জয়লাভ করে জেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে খেলায় জেলা বিএনপি দলের নেতৃত্ব দেন সাবেক আহ্বায়ক আলহাজ্ব হজরত আলী। অন্যদিকে জেলা প্রশাসন দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশের মধ্য দিয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই গোল করতে ব্যর্থ হয়।
পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে জেলা বিএনপি দল।
জেলা বিএনপির পক্ষে খেলায় অংশ নেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুল হাসান, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মো. আসিফ। এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও খেলায় অংশ নেন।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী প্রথমেই জেলা প্রশাসকসহ আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।মতামত কলাম পড়ুন
পরে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বিজয়ী জেলা বিএনপি দল এবং রানার্সআপ জেলা প্রশাসন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শেরপুরে ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

















