শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিসি উদ্যান চত্বরে স্থাপিত এ সেলফি কর্নারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সেলফি কর্নারে গিয়ে সকলে বিনামূল্যে ছবি ও ভিডিও ধারণ করতে পারবে বলে জেলা প্রশাসন জানান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন আকর্ষণকে দেশব্যাপী তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শেরপুরের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ সৃষ্টি হবে।

















