সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে একের পর এক গরু-ছাগল, স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ টাকা, মসজিদের দানের অর্থ, অটোরিকশা, বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় সর্বত্র উদ্বেগ ও আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ভোর রাতে উপজেলার মহাদান ইউনিয়নের খানবাড়ি গ্রামে সোলায়মান হোসেন খানের গোয়ালঘর থেকে দুটি গাভী, একটি ষাঁড় এবং একটি বকনা গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় তাঁর স্ত্রী মোছা. নিগার সুলতানা সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অতি সম্প্রতি এই এলাকায় সবুজ কাজীর একটি, মোজাম্মেল হক খানের একটি, সামাদের চারটি, চায়নার একটি এবং মজিদ খানের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে থানার সেকেন্ড দারোগা এস আই বিকাশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৯ নভেম্বর ভোর রাতে বগারপাড় এলাকার রতন মেকারের ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এ ছাড়াও, গত ৬ নভেম্বর পৌরসভার শিমলাবাজার জামে মসজিদের দান বাক্সের টাকা, ২৬ অক্টোবর সাতপোয়া উত্তরপাড়া এলাকায় মো. ইমান আলীর বাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু, আওনা ইউনিয়নের তরিআটা গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোজাহার আলীর বাড়িতে সিআইডি পরিচয়ে প্রবেশ করে এক গৃহবধূর হাত ও কানের স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানাগেছে। গত ১৯ অক্টোবর পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় উৎপলের বাসার এক ভাড়াটিয়ার চার ভরি স্বর্ণালংকার, ১৫ অক্টোবর গভীর রাতে শিমলা বাজারের আমতলা এলাকায় বেলাল হোসেন পাটোয়ারীর ভাঙারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে নগদ টাকা, একই রাতে পোগলদিঘা ইউনিয়নের গাছবয়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পাঁচটি গরু, ১৪ অক্টোবর মাইজবাড়ী এলাকার লেবু মিয়ার দোকানে চুরি, ১৩ অক্টোবর আরামনগর বাজারের সোহাগ ডিলারের খামার থেকে মুরগি এবং একই গ্রামের সাইদুলের বাড়ি থেকে রাজহাঁস চুরির অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত ১১ অক্টোবর পৌরসভার শিমলা পল্লী পশ্চিমপাড়া (কুবলী বাড়ি) এলাকার চারটি বাড়ির বৈদ্যুতিক সংযোগের প্রায় ৪০০ গজ তার, ১০ অক্টোবর মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের আব্দুল লতিফ লতুর দুটি, শামসুলের একটি গরু, পৌরসভার বলারদিয়ার এলাকার আনহাজের মনোহারি দোকান থেকে ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। ৮ অক্টোবর মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পূর্বপাড়া গ্রামের জহুরুল, শান্তিমালা, হাফিজুর ও হাসানের চারটি বাড়িতে একই রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। ৭ অক্টোবর বড়শরা গ্রামের আলমগীর হোসেনের অটোরিকশা, আরামনগর বাজারের শহীদ ক্যাডেট একাডেমি থেকে দুটি বৈদ্যুতিক পাখা এবং কামরাবাদ গোরস্থান এলাকার আসাদ মার্কেটের পাশে আশিক পেইন্টারের দোকান, সোহেল অটোপার্টস ও কাজলের মনোহারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। গত ৯ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের পিয়ন আব্দুর রহিমের একটি ছাগল, সামর্থবাড়ি গ্রামের সুরুজ মিয়া ও সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের হাফিজুর রহমানের ছাগল চুরির ঘটনাও ঘটেছে। গত ২৭ সেপ্টেম্বর ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের রফিকুল ইসলাম এবং একই গ্রামের খামার মিয়া ও জমির মিয়ার বাড়ির কাছাকাছি স্থাপিত সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন তিনটি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। গত ৮ সেপ্টেম্বর আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আব্দুল মান্নানের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালন শেষে ধনবাড়ী থেকে সরিষাবাড়ীর ভাড়া বাসায় ফেরার পথে হামলার শিকার হন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি হাফিজুর রহমান। গত ২৩ অক্টোবর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে ও সাকের আলীর স্ত্রী ছেলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে নলিন বাজার এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর সাইডব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তার স্বজন নজরুল ইসলাম জানান।
স্থানীয় ভুক্তভোগী ও সচেতন বাসিন্দাদের অভিযোগ, চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় তাঁরা পরিবার-পরিজন, বাড়িঘর, গবাদিপশু ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে রাতের বেলায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে অধিকাংশ ক্ষতিগ্রস্থ্য পরিবার বিভিন্ন আইনী জটিলতার কারনে থানায় অভিযোগ করতে সাহস করেন না বলে গণমাধ্যমকে জনিয়েছেন। তাঁদের আশঙ্কা, চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে আরও গরু চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটতে পারে। রাতের বেলায় পুলিশের টহল জোরদার, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে যে গুলো নোটিশে আসে সে গুলো দ্রুত এ্যাকশন নিয়ে ফেলি। কোন সমস্যা নাই। আমরা বিষয় গুলো দেখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, আমরা বিষয় গুলো নিয়ে কাজ করছি।l

















