মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একটি হাতিকে চিকিৎসাসেবা দেওয়ার সময় হাতিটির আক্রমণের শিকার হয়েছে চিকিৎসসহ উদ্ধারকারী দল। এ ঘটনায় দুই চিকিৎসকসহ ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
শনিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা হয়।
আহতরা হলো– ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ও সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে বিজিবির হেলিকপ্টার করে নিয়ে তাদের ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকতা মো. নূরুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেলে কক্সবাজারে মাইন বিস্ফোরণে এক হাতি আহত হয়। চিকিৎসা দিতে গেলে হাতিটির আক্রমণে তিনজন গুরুতরভাবে আহত হয়।’
বর্তমানে আহত হাতিটি রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে রয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

















