দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামীর বাজেট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেট এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে বাজেটের সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটের সুফল যাতে প্রতিটি নাগরিকের কাছে যায় সেটাই চেষ্টা করছে সরকার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিগত সময় লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। অর্থনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে।’
ঋণনির্ভরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে দেশকে যে ঋণনির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।’
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতির বিভিন্ন খাতে গতি সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাজেট বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নেবে।’

















