বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের দৃশ্যপট শুরুতেই তৈরি করে দিয়েছিল বোলাররা। কলম্বোতে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য হেসেখেলেই পার করেছেন নিগার সুলতানা জ্যোতির দল। সহজ লক্ষ্য তাড়ায় ১১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ওপেনাররা সাবধানে শুরু করেন। তবে ইনিংসের চতুর্থ ওভারে ডিয়ানা বেগের বলে ফারজানা হক অল্পতেই ফিরে যান। ১৭ বলে ২ রান করে এলবিডব্লিউ হন ফারজানা।
দলীয় ৭ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে তেমন ঝুঁকি নেননি ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা। এ দুজনের ব্যাটে পাওয়ার প্লে অনেকটা টেস্ট মেজাজে ২৩ রান তোলে বাংলাদেশ।
পাওয়ার প্লের পর ১২তম ওভারে ক্রিজে ধুঁকতে থাকা শারমিন আক্তার মাত্র ১০ রান করে ফিরে যান। রামিন শামিমের বলে ৩০ বল খেলা শারমিন এলবিডব্লিউ হন। ৩৫ রানে ২ উইকেট হারালেও বাংলাদেশ পথ হারায়নি।
তৃতীয় উইকেটে ওপেনার ঝিলিকের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ দুজনে মিলে তৃতীয় উইকেটের জন্য ৫০ রানের জুটিও গড়েন। দলীয় এক শ রান পার করার আগ মুহূর্তে নিগার সুলতানা প্যাভিলিয়নের পথ ধরেন।
৪৪ বলে ২৩ রান করা বাংলাদেশ অধিনায়ক ফাতিমা সানার বলে ক্যাচ দিয়ে ফিরলেও বাংলাদেশের জয় সময়ের ব্যাপার ছিল। চতুর্থ উইকেটে সুবহানা মুস্তারির সঙ্গে জুটি গড়েন ঝিলিক। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ফিফটির দেখাও পেয়ে যান এই বাঁহাতি ব্যাটার।
ক্রিজে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে থাকা মুস্তারি বাংলাদেশের দ্রুত জয় নিশ্চিত করেন ৩২তম ওভারে। ১১৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই বড় জয় দিয়ে বিশ্বকাপের সূচনা করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। আগেরটিও এসেছিল এই পাকিস্তানের বিপক্ষেই, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে।
১৯ বলে ৬ চারে ২৪ রান করেন সুবহানা মুস্তারি। সর্বোচ্চ ৫৪ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক।
এর আগে পাকিস্তান ব্যাট করতে নেমেই ইনিংসের শুরুতেই মারুফা আক্তারের তোপের মুখে পড়ে। প্রথম ওভারে দুই উইকেটের দেখা পান বাংলাদেশের এই ডানহাতি পেসার। এরপর মাঝ ওভারে বাংলাদেশের স্পিনারদের স্পিন সামলাতে ব্যর্থ হয়েছে ফাতিমা সানার দল। শেষ দিকে স্বর্ণা আক্তারের ৩.৩ ওভারে ৩ মেডেনের সঙ্গে ৩ উইকেটে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

















