⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ময়মনসিংহে দ্রুত বিকেএসপি স্থাপনের কাজ শুরু হচ্ছে : এমপি ওয়াহাব

HTML tutorial

ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, ময়মনসিংহে শিগগিরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের কাজ শুরু হবে । তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। যেসব বিভাগীয় শহরে এখনো বিকেএসপি বা স্পোর্টস ভিলেজ স্থাপন হয়নি, সেখানে দ্রুতই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব আয়োজিত দিনব্যাপী ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য ওয়াহাব আরো বলেন, ময়মনসিংহে বিকেএসপি স্থাপনের দাবি জানিয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই এ অঞ্চলে বিকেএসপি স্থাপনের কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ক্রীড়াবিদদের নেতৃত্বে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ক্রীড়াক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে এর ইতিবাচক ফল পাওয়া যায়।

ময়মনসিংহের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ জন্য ক্রীড়াঙ্গনের মানুষদের নিয়ে কমিটি গঠনের ওপর জোর দিয়ে বলেন, সেখানে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতাকেই প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রবীণ ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম নাজু, খান মেহেদী হাসান, রতন আকন্দ, ইফতেখার ও নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা, যুবদল নেতা এজিএস রাসেল, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন এবং মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে ক্রিকেট, ফুটবল, হাডুডু ও অন্ধভাবে হাঁড়ি ভাঙাসহ নানা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজক এনামুল হক আকন্দ লিটন বলেন, একসময় দেশের ক্রীড়াঙ্গনে ময়মনসিংহের বিশেষ অবস্থান ছিল। তবে নানা কারণে তা কিছুটা স্থবির হয়ে পড়েছে। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

HTML tutorial

Leave a Reply