বিশেষ প্রতিনিধি :
শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের মরহুম বিল্লাল হোসেন দফাদারের সন্তান মজনু মিয়া। বাবাও ছিলেন চরশেরপুর ইউনিয়নের দফাদার। ছেলে মজনু মিয়াও নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে গ্রামপুলিশের দায়িত্ব পালন করে অর্জন করেছেন সুনাম। তার এ বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরও কারে। যে কারণে উপজেলা থেকে জেলা এবং বিভাগের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হন মজনু মিয়া। বাবার জায়গায় এসে সফলতা পান তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে দেশের ৮ গ্রামপুলিশ সদস্যকে সম্মাননা ও অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে শেরপুরের গ্রামপুলিশ সদস্য মো. মজনু মিয়াকে দেখে খুশি এলাকাবাসী।
গত ৭ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে মজনু মিয়ার সম্মাননা গ্রহণের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তার এ অর্জনকে শেরপুরের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।
চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা তার অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, মজনু মিয়ার এ অর্জনে আমরা খুব খুশি। তার এ অর্জনে গ্রাম পুলিশদের মধ্যে কাজের গতি ও আগ্রহ বাড়বে। স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে একজন গ্রামপুলিশ সদস্যের জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন তার দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে দেখছেন জনপ্রিয় এ জেলা প্রশাসক।
মোঃ মেরাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।

















