জুলাই অভ্যুত্থানে হত্যাসহ নানা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১–এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার বিচার শুরু হয়।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠেনের আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন হবে ৩ আগস্ট আর সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট।
এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
এরআগে গত সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ঠিক করেন। ওইদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করেন।
গত ১ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। গত ১২ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশনে রিপোর্ট দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আর ১ জুন এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে আন্দোলন দমনে ১ হাজার ৪০০ জনকে হত্যার প্ররোচনা, নির্দেশ দেওয়া সংক্রান্ত ধারায় অভিযোগ আনা হয়েছে।

















