নেত্রকোণার কেন্দুয়ায় জমি বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩০ জন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষ হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারী হলেন– আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী সোমা আক্তার (৩০)। আহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত ৯ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ৭ জনের অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে গ্রামটির নুর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। তখন নুর ইসলামের লোকজন বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।’
ওসি আরও বলেন, ‘সংঘর্ষে উভয়পক্ষের বেশ কিছু লোক আহত হয়। তাদের মধ্যে নুর ইসলাম পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তার মারা যান। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

















