নকলা সংবাদদাতা :
শেরপুরের নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৯ জন ব্যক্তি ও পরিবারের মাঝে ঘর নির্মাণ সহায়তা হিসেবে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা’র চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী ডিউটি এবং চেক বিতরণ করেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ আমরা উপলব্ধি করি। দুর্যোগের কারণে যেসব পরিবার বসতঘর হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন, তাদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজকের এই সহায়তা হয়তো একটি ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয় মেটাতে যথেষ্ট নয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, সরকারি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, বৈষম্য কিংবা স্বজনপ্রীতি যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।

















