সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সুজন মিয়া (২৮) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বখাটে সুজন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আলালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বারইপটল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)কে বখাটে সুজন মিয়া বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে সুজন মিয়া জোর করে তার হাত ধরে ফেলে। পরে ছাত্রীটি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিদ্যালয়ে ফিরে সহপাঠীদের অবহিত করে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি ইমরান হোসেন বাবু উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিজা রিছিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজন মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন ।

















