ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে ভোট এবং বিভিন্ন কৌশলে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জন ও বয়কট করে ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তাহমিনা আক্তার।
আজ মঙ্গলবার এক জরুরি ঘোষণায় এ তথ্য জানান তিনি।
ওই জরুরি ঘোষণায় তাহমিনা আক্তার বলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসণের ভোট গ্রহণ হচ্ছে বিধায় আমি তাহমিনা আক্তার (ব্যালট নং ১০) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে এই ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম।’
ওই ঘোষণায় তিনি আরও বলেন, ‘শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’
এর আাগে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দুপুর থেকে শুনলাম রোকেয়া হল এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ পেয়েছি। রোকেয়া হলে যে ব্যালট পেপার দিয়েছে সেখানে আগে থেকেই ক্রস দেওয়া আছে শিবিরের ভিপি ও জিএসের জায়গায়। একই পরিস্থিতি বেগম রোকেয়া হলেও। অনেকেই পোস্ট করছে ভোট কারচুপি হচ্ছে কিনা। মেয়েরাও বেরিয়ে এর প্রতিবাদ জানিয়েছে, এটাও আপনারা দেখেছেন।’

















