প্রতিনিধি :
ব্যবসার নামে অধিক লাভের লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রমজান আলী নামের এক প্রতারক। প্রতারণার অভিযোগে ওই প্রতারক রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ অক্টোবর রাতে তাকে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লার তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রমজান আলী শেরপুর সদরের রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও প্রতারিতরা জানান, অধিক লাভের লোভ দেখিয়ে প্রতারক রমজান আলী শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন স্থান থেকে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত পঁচিশ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। এ অবস্থায় ২৪ অক্টোবর শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লার তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পর থেকে অনেকেই থানায় এসে টাকা দাবি করে আসছেন। ১১জন এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দিয়েছেন।
অনেক ভুক্তভোগী জানান, তারা পাওনা টাকা না পাইলে নিঃশ্ব হয়ে যাবে। অনেককে পথে বসতে হবে।
শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রমজান আলীকে আটকের পর অনেক মানুষ তার কাছে টাকা পাওয়ার অভিযোগ নিয়ে আসছে। এ পর্যন্ত ১১ জন লিখত অভিযোগ দায়ের করেছেন।

















