ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ০৭ নভেম্বর শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলাব্যাপী সর্বমোট ৪৮০টি স্থানে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে ৬৮৪১ জন অংশগ্রহণ করেন।
উপজেলা-ভিত্তিক অভিযানের চিত্র- নকলা উপজেলায় ২০৯টি স্থানে ২,৯৮৬ জন, শ্রীবরদী উপজেলায় ৫৪টি স্থানে ১,১৯০ জন, শেরপুর সদর উপজেলায় ১৪৬টি স্থানে ১,২১৭ জন, ঝিনাইগাতী উপজেলায় ১৬টি স্থানে ১৮৮ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৫৫টি স্থানে ১,২৬০ জন অংশগ্রহণ করেন।
শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর।

















