ক্যাম্পাসভিত্তিক খণ্ডকালীন বা পার্টটাইম কর্মসংস্থানের সুযোগ তৈরি সহ ১০টি প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহারে এ প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ইশতেহার পড়ে শোনান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
ইশতেহারে শিক্ষাঋণ, শিক্ষার্থীদের সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা, যানবাহন সংকট দূর করা, জিমনেসিয়ামের আধুনিকায়ন, ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাণীবান্ধব ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয় ছাত্রদল।
এদিকে, ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৃতীয় দিনের মতো আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে সশরীরে ভোট চাইছেন তারা। অবশ্য প্রচারণার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন কয়েকজন প্রার্থী।
বিভিন্ন আবাসিক হল, অনুষদ ও ইনস্টিটিউটের সামনে প্রার্থীদের পরিচয়সহ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।
এর আগে, বুধবার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আর ছাত্রশিবিরের অভিযোগ, চারুকলায় ব্যানার ছেঁড়া ও হিজাব অবমাননা করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
ভোট কেন্দ্র বাড়ানোর জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দাবি জানান ছাত্রদলের প্রার্থীরা। পরে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাতে সংবাদ সম্মেলনে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, নারী প্রার্থীদের হয়রানির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদের নির্বাচন।

















