⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

দেশে বর্জ্য ব্যবস্থাপনা বলে কিছু নেই: উপদেষ্টা রিজওয়ানা

HTML tutorial

দেশে বর্জ্য ব্যবস্থাপনা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বর্জ্য নিয়ে অর্থনৈতিক রাজনীতি থাকার কারণে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যায় না।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি ছিল বাংলাদেশের তৃতীয় ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) যাচাইকরণ কর্মশালা, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশ নেন সরকারের নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন অংশীদাররা। আলোচনায় উঠে আসে—কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থান।

বক্তারা বলেন, এনডিসি বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। আর আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয়।

দেশের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে হতাশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, শক্তিশালী ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে এবং সরকার এ উদ্যোগে সহায়তা করবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিছু নেই। এখন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্জ্য নিয়ে অর্থনৈতিক রাজনীতি থাকায় এটি বাস্তবায়ন করা যায় না। ঢাকা উত্তর ও দক্ষিণের দুটি করে ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহার করার উদ্যোগ নিলে সরকার সহায়তা করবে।’

এনডিসি বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট। একে কাজে লাগাতে হবে। এনডিসির কিছু ভিত্তি আছে, আমাদের জীবনযাপনের কিছু চাহিদা আছে। শুধুমাত্র কপ সম্মেলনে উপস্থাপনের জন্য এনডিসি তৈরি করা যাবে না—এই মানসিকতা পরিহার করতে হবে।’

তিনি জানান, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নির্ধারিত কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণে কাজ করছে। অনুমোদনের জন্য এনডিসির খসড়া প্রতিবেদন নভেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে।

HTML tutorial

Leave a Reply