সারা দেশে হামের প্রকোপ অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় দেশে হামে ও হামের উপসর্গে আরও ১০ শিশু প্রাণ হারিয়েছে। এতে করে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৫ মে সকাল ৮টা থেকে আজ ২৬ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এসময়ে সন্দেহজনক হামে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৮৩ জনের শরীরে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে আরও ৫৩ শিশু।
সার্বিকভাবে, গত ১৫ মার্চ থেকে আজ ২৬ মে পর্যন্ত সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। অন্যদিকে, হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ জনের শরীরে।
অর্থাৎ, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন এবং এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৫৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন।
সার্বিকভাবে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুহার (কেস ফ্যাটালিটি রেট) দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৪ শতাংশে (০.৭৪ শতাংশ)।

















