টানা বৃষ্টির কারণে বরিশালে বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজিতে ৫-১০ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে ৮০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
সোমবার (১৪ জুলাই) শেরপুরের নবীনগর, খোয়ারপাড় বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে পাইকারি বাজারে শসা ২৫-৩০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে সেটি ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচ টাকা বেড়ে বরবটি বিক্রি হচ্ছে ৪৫ টাকা, ১০ টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, টমেটো ৫০ টাকা, পটল ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ৩০-৪৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ২০-৩০ টাকা ও লেবুর হালি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এরমধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৫০-১৮০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা ও মাঝারি ভেটকি ৪০০ টাকা।

















