নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯ সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ফরেইন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের বৈঠকে ৩টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের ২টি আইন সংশোধন, এনবিআর এবং সংস্কারের ৩টি বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে আইন সংশোধনসহ ২টি সংস্কার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে।’
এছাড়া প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ভ্যাট বাড়িয়ে এনবিআরের একটি আইনে সংশোধনী প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রেস সচিব জানান, মোট ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৭টি সংস্কার ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

















