গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনও উপস্থিত ছিলেন।
প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার স্ত্রী।
এসময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।’
এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে। বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করবে।
পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘নুরের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং বিচারের আশ্বাসও দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রাতেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।’

















