ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আনারুল ইসলাম।
ইসি আনারুল বলেন, ‘সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার নাগাদ তা গেজেট আকারে প্রকাশ করা হবে।’
সীমানায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘৩৯টি আসন ভিত্তিক আবেদন আমলে নেওয়া হয়েছে। খুব মাইনর পরির্বতন হয়েছে। ১, ২ বা ৩ আসন বিশিষ্ট জেলায় কোনো পরিবর্তন হয়নি। ২৫০ জেলার বিষয়ে কোন আবেদন না থাকায় পরিবর্তন হয়নি।’
ইসি আনারুল বলেন, ‘গাজীপুরে সবচেয়ে বেশি বদল হবে। বাগেরহাটেও হচ্ছে। ভোটার সংখ্যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার গাজীপুরে ১টি আসন বাড়বে আর বাগেরহাটে ১টি আসন কমবে।’
নির্বাচনে ৩০০টি আসনের প্রতিটিতে গড়ে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন ভোটার রয়েছেন বলে জানান তিনি।

















