স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে না। দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ আর থাকছে না।
এতে প্রভাব বিস্তার হয় এই বিবেচনায় প্রতীক বাদ দেওয়া হয়েছে।’
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বিষয়টি জাতীয় ঐকমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলো একমত হলে আগে স্থানীয় নির্বাচন হতে পারে।’
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ‘নিহত ও আহতদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা হবে’
ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গ্রেপ্তার যে করবে তার ক্লিয়ার আইডি থাকতে হবে। গ্রেফতার ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পরিবার ও আইনজীবীর সাথে যোগাযোগ করতে দিতে হবে। ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সমস্ত তথ্য নিকটস্থ থানায় দিতে হবে। কেন গ্রেপ্তার করা হয়েছে, তার সব তথ্য থাকতে হবে।’

















