বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পতিত দল আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দলীয় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ব্যক্তিগত নয়, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। একইসঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরোধী দলের ওপর দমন-পীড়নের জন্য আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরাসরি দায়ী। বিএনপি মনে করে, এ দায় শুধু শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, “শেখ হাসিনার রোষানলের সবচেয়ে বড় শিকার বিএনপি। একের পর এক হামলা-মামলা, গুম-খুন, গণগ্রেপ্তার আর সর্বশেষ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। সুতরাং বিচার শুধু হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”
মির্জা ফখরুল আরও বলেন, “বর্তমানে আওয়ামী লীগ একটি ভয়াবহ দানবে রূপ নিয়েছে। বিরোধী মত দমন করতে তারা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যারা হত্যা করেছে, নিপীড়ন করেছে—তাদের বিচার হতেই হবে। কোনো অপরাধী ছাড় পাবে না।”
তিনি বলেন, “এখন নির্বাচন ও সংস্কার একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। জনগণ একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। যারা এই নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে বা ব্যাহত করতে চাইছে, তারা দেশের গণতন্ত্রবিরোধী চক্রের অংশ।”
বিএনপি মহাসচিব দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেশ আজ সংকটে। এই সংকট কাটাতে হলে সবাইকে একসঙ্গে চলতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।”

















