
ঢাকা অফিস :
নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত ১৮ বছর বয়স হলে ভোটার হওয়ার সুযোগ রেখে ‘ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এ সময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তারা পরবর্তী নির্বাচনে ভোট দানের সুযোগ পাবেন।
ফয়েজ আহমেদ বলেন, ‘যে অধ্যাদেশটি অনুমোদন হলো এর ফলে, যদি ডিসেম্বরে ভোট হয় অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত ১ মাস আগ পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।’
এদিকে, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।
প্রেসসচিব জানান, বৈঠকে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশসহ তিনটি বিষয় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাংলাদেশে অর্গান ট্রান্সপ্লেন্টেশনের ক্ষেত্রে আগে যেমন খুব কাছের স্বজন ছাড়া অন্যদের অঙ্গ নেওয়া যেত না, এখন সেক্ষেত্রে কিছুটা সম্প্রসারণ করা হয়েছে।

















