নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে চুরিকালে দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কের বোন ও গৃহপরিচারিকা।
নিহত বৃদ্ধার নাম শামসুন্নাহার বেগম (৭৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে এক ছেলে।
এ ঘটনায় ওই বাসা থেকে ৪৫ হাজার নগদ টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও একটা এলইড টিভি খোয়া গেছে বলে দাবি করে রহিলা বেগম বলেন, ‘দীর্ঘদিন থেকে শামসুন্নাহার আমার বাসায় থাকেন। প্রতিদিনের মতো সকালে আমি স্কুলে যাই। আপা (মৃত বৃদ্ধা) একাই বাসায় ছিলেন। দুপুরে টিফিনের সময় বাসায় এসে দৈনন্দিনের মতো দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোনো সাড়াশব্দ নেই। এতে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। এসময় দেখতে পাই দরজার বাইরের থেকে সিটকিনি লাগানো।’
রহিলা বেগম আরও বলেন, ‘আমরা দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপা। মাথায় বড় ধরনের জখম। জানি না কীভাবে এমন হলো? কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটাল? তবে বাসার সব ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে এবং নগদ অর্থ, স্বর্ণালংকার ও এলইডি টিভি চুরি হয়েছে।’
নিহতের ছেলে সামসুল বলেন, ‘সকাল ১১টার দিকেই মায়ের সাথে মোবাইলে কথা হয়েছে। এসময় তিনি শরীর ভালো নয় বলে জানান। তখন তাকে বাড়িতে চলে আসতে বলি। এতে মা বলে আগামী সোমবার বাড়িতে আসবেন। কিন্তু দুপুর সাড়ে ৩টার দিকে মোবাইলে জানানো হয় মা মারা গেছে। তাড়াতাড়ি এসে দেখি মাকে হত্যা করা হয়েছে। এখনো লাশ দেখতে দেয়নি পুলিশ।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় নিয়েছি। রংপুর থেকে ক্রাইম সিন টিম আসছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল তদন্ত করে লাশ থানায় নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠানো হবে।’
এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ভিড় জমিয়েছে ঘটনাস্থলে। বিকাল সাড়ে ৪টায় সিআইডির ক্রাইম সিন টিম এসে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডি দল তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

















