বিশেষ প্রতিনিধি :
জামায়াতের কর্মীদের হামলায় শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ও দৈনিক ভোরের চেতনার শেরপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রাসেলকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মাই সাহেবা জামেমসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শেরপুর ডিসি গেইটে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম আঙ্গুর, সাংবাদিকদের পক্ষে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, উপজেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, বিএনপি নেতা সাইদুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুরাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জামায়াতের এমপি রাশেদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাংচুর করে আসছে জামাত শিবিরের কর্মীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাসেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সভায় জানানো হয়, নির্বাচনের পর এ পর্যন্ত অন্তত ১০/১৫টি স্থানে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি একজনকে রগ কেটে দেয়া হয়েছে। এক শ্রমিককে পা ভেঙ্গে দেয়া হয়েছে। কিন্তু কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
মোঃ মেরাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক।

















