ময়মনসিংহ সংবাদদাতা :
ময়মনসিংহ নগরীর বড়বাজারের একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামের একজন গাড়ি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ওই বহুতল ভবনের একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ প্রাইভেটকার চালক সুমনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহতের মাথা, ঘাড় ও হাত অংশ থেতলে গিয়েছিল।
নিহত গাড়িচালক সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড় এলাকায় স্ত্রীসহ দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী ময়না আক্তার বলেন, অনেকদিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকার চালাতো তার স্বামী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে সেই ব্যাংক কর্মকর্তাকে গাড়ি করে নিয়ে আসছিলো। কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও পরে বাড়ি না ফিরলে স্বামীকে খোঁজ করতে থাকি। পরে সকালে খবর পেয়ে ছুটে আসেন বড়বাজার। এঘটনায় দায়ীদের বিচার দাবি করেন তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ১৩ তলা ভবনের লিফটের কাজ চলছিলো, সম্পূর্ণ জায়গা ছিলো ফাঁকা। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে উপর থেকে পড়ে দুর্ঘটনা জনিত কারণেই মৃত্যু হতে পারে প্রাইভেটকার চালক সুমনের। যদিও ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

















