নকলা প্রতিনিধি :
শেরপুরের নকলার মমিনাকান্দায় ভিমরুলের কামড়ে রায়হান মিয়া নামের তিন বছরের এক শিশু মারা গেছে।
১৩ আগস্ট দুপুরে উপজেলার মমিনাকান্দা গ্রামের ভাইট্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খোরশেদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রায়হান সকাল অনুমান ৬টার দিকে ঘুম থেকে উঠে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশেই খেলাধুলার সময় হঠাৎ ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরিবারের লোকজন বাড়ি নিয়ে আসেন।
পরে রায়হানের শারিরিক অবস্থা অবনতির দিকে যাওয়া শুরু করলে আবারো নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মারাযান শিশু রায়হান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















