শেরপুরে ৩ দোকান থেকে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এবং তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড়ে কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পায় তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। এসময় ৩টি দোকানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাসের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন। এসময় শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতের নিরাপত্তা নিশ্চিত করেন।
শেরপুর জেলা পরিবেশ অধিপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খোয়ারপাড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। এসময় হারুন স্টোরে ১৩ কেজি ৯শ গ্রাম পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা, ডালিম ষ্টোরে সাড়ে ৯ কেজি পলিথিন রাখার অপরাধে ৪ হাজার টাকা এবং মোকাদ্দেস স্টোরে ৭ কেজি পলিথিন রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করি। সরকারের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রক্ষায় শেরপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারে জিরো টলারেন্স নীতিতে চলবো আমরা।

















