চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের সময় বৃদ্ধির পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। গতকাল নির্বাচনের তারিখ পরিবর্তনের সঙ্গে প্রত্যাহের সময়ও বাড়ায় নির্বাচন কমিশন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে এসে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন।
এর আগে, গতকাল কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ছয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এদিকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে জমা দিয়েছেন ৪২৯ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২৩ জন ও জিএস পদে ২১ জনসহ প্রাথমিকভাবে বৈধ প্রার্থীরা সংখ্যা ৪১০ জন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন।
আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরই শুরু হবে মূল প্রচার।

















