মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আরবী (৬) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আজ বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এস এস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেতকা যাচ্ছিল। পথে বাসটি রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাদরাসা থেকে নিজ বাড়িতে যেতে নেওয়া আরবীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















