জামালপুরের মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সম্রাট মিয়ার (৩৭) ওপর হামলা চালিয়ে প্রায় তিন লাখা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা হয়।
হামলার শিকার মো. সম্রাট মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হাজরাবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী।
আহত সম্রাট বলেন, ‘আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্ত হামলা করে নগদ ২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি আমি। পরে পালিয়ে যায় দূর্বৃত্তরা।’
হামলার শিকার সম্রাটের ভাই জাকির হোসেন লেবু বলেন, ‘আমার ভাই সিদ্দিকী শুভর কর্মী এটাই তার দোষ। বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীরা হামলা করে তার কাছে থাকা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশঙ্কাজনক।’
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের আরও বেশি ধৈর্যশীল ও শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

















