বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ সোমবার সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারীরা দুপুর একটা পর্যন্ত টানা চার ঘণ্টা জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। আসন পুনবর্হালের দাবিতে দফায় দফায় নানা কর্মসূচি পালন করার পরও নির্বাচন কমিশনের টনক না নড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
আন্দোলনকারীরা অবিলম্বে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
এরআগে গত সপ্তাহে পরপর তিনদিন চার ঘণ্টা করে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এতে নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউনুস বলেন, আসন পুনবর্হালের দাবিকে সব শ্রেণিপেশার মানুষ সমর্থন দিয়েছে। অথচ নির্বাচন কমিশন ও বর্তমান সরকার আমাদের নায্য দাবিকে গুরুত্ব দেয়নি। তারা আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কোনো যোগাযোগ করেনি, কোন আশ্বাসাস দেয়নি। এতে আমরা ব্যথিত হয়েছি। জনগণের মতামতকে উপেক্ষা করেছে নির্বাচন কমিশন। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক এম এ সালাম বলেন, বৈরি আবহাওয়া উপেক্ষা করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছি। আগামীকাল ২৩ সেপ্টেম্বর গণস্বাক্ষর কর্মসূচি রয়েছে। এরপর ২৪ ও ২৫ সেপ্টেম্বর পরপর দুদিন আবারও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, বাগেরহাটের চারটি সংসদীয় আসন ফিরে পেতে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করছি। আসন্ন দুর্গাপূজার জন্য আন্দোলন কিছুটা শিথিল করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদে দফায় দফায় হরতাল, অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গড়ে ওঠা সর্বদলীয় সম্মিলিত কমিটি।

















