ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় অসুস্থ হয়ে তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবলী চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুর গ্রামের বাসিন্দা এ কে এম শাহিদুল্লাহর ছেলে। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই কন্যার জনক ছিলেন তিনি।
নিহতের সহকর্মী সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। এ সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
















