কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা। আজ বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালীন সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি। সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন যাবত কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য প্রস্তাবিত হয়েছে। এছাড়া দীর্ঘদিব সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হোক।
বক্তারা আরও বলেন, সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিসহ মানুষের অঙ্গহানী হচ্ছে। তাই সড়কের নিরাপদ করতে দ্রুত মেরামত করা দরকার। দাবি মেনে না নেওয়া হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দেবপুর এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যান্যরা।
এদিকে মহাসড়কের দেবপুর এলাকায় এসে বিক্ষুবদের সঙ্গে কথা বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু করার আশ্বাসে দেবপুর এলাকাসহ অন্যান্য এলাকা থেকে বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লাইনে উন্নীতকরণের কাজ সরকারের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আমরা আশা করছি।’
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা এসে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন যে, খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শুরু হবে। এতে এলাকাবাসী ও সড়ক অবরোধ উঠিয়ে নেওয়ায় এক ঘণ্টা পর যান চলাচল সচল হয়। সময় সড়কের যানজট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

















