সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ মেসার্স ঝিনাই ফিলিং ষ্টেশন ও জগন্নাথগঞ্জ ঘাট এলাকার মেসার্স চান ফিলিং ষ্টেশনে পেট্রোল ও ডিজেল সরবরাহে নানা অনিয়ম ও সিন্ডিকেট দাপটের অভিযোগ উঠেছে। ৩/৪ দিন যাবৎ অধিকাংশ কৃষক তেল না পেলেও অর্থের বিনিময়ে আগে তেল পাওয়ার সুযোগ দেওয়াকে কেন্দ্র চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত শনিবার দুপুরে তেল না পেয়ে বিক্ষুদ্ধ কৃষকরা সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানাগেছে। তেল না পেয়ে কৃষক রবিউল ইসলাম, শাহজাহান আলী, ওমর আলী জানান, ভুট্টা ও ধান চাষাবাদের জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় চরম সংকটে পড়েছেন। ভলান্টিয়ার সিন্ডিকেট প্রভাব খাটিয়ে দাপুটে ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে সুযোগ করে দিচ্ছে অভিযোগ করে তা বলেন, একই ব্যক্তি একাধিকবার পেট্রোল নিচ্ছেন।
অপরদিকে, জগন্নাথগঞ্জ ঘাট এলাকার মেসার্স চান ফিলিং ষ্টেশনে পেট্রোল ও ডিজেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। ধইঞ্চা চরের দুলাল মন্ডল, হোসেন আলী, মেদুর গ্রামের হানিফ উদ্দিন বলেন, ৩/৪দিন যাবৎ ডিজেল না পেয়ে জমিতে পানি দিতে পারছিনা। জমি শুকিয়ে যাচ্ছে। ফুলদহের পাড়ার হোসেন মোল্লা বলেন, আমার প্রজেক্টে ১৭ বিঘা জমিতে ধান চাষ করছি। কিন্তু তেল পাইনা।
পিংনা বাজার মসজিদের দেলোয়ার হোসেন বলেন, জেনারেটরের জন্য তেল পাচ্ছিনা। কৃষক হাবিবুর রহমান, রিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম বলেন, আমরা ধান, ভুট্টা চাষ করছি। কয়েকদিন যাবৎ ঘুরছি। পাম্পের মালিক ৩/৪শত কৃষকের মধ্যে ১৩০জনকে ডিজেল দিয়েছে। দিন মজুরি করলে ৬শত টাকা পাওয়া যায়। আর তেলের জন্য সারাদিন বসে থেকে যদি ভাগ্য ভাল থাকে তবে ৩লিটার তেল পাওয়া সম্ভব হয়।
কৃষকরা বলেন, কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের পরিবর্তে বাণিজ্যিক যানবাহনকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। তারা সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও ন্যায্য উপায়ে জ্বালানি বিতরণ নিশ্চিত করার দাবি জানান।
ঝিনাই ফিলিং স্টেশন স্টেশনের প্রোপাইটার আনোয়ারুল কবীর তালুকদার তুহিন ও চান ফিলিং ষ্টেশনে ম্যানেজার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী নিয়ম মেনেই তেল দেয়া হচ্ছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল জানান, “অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

















