নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অটোরিকশার চালকের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত ২-৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন রফিকুল ইসলাম। গতকাল সোমবার বাড়িতে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। পরের দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে সুবর্ণচর উপজেলার নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয় লোকজন তাঁর মরদেহ পড়ে থাকতে দাখে। তার গলায় দড়ির দাগের ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ চরজব্বার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে ফেলে অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহের গলায় গোলাকার দড়ি প্যাঁচানো কালো একটি দাগ আছে, বাম হাতের আঙুল থেতলানো, পিঠের পেছনে জখম।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















