গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মামলায় ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে গাজীপুর পুলিশের উপ–কমিশনার (অপরাধ) রবিউল হাসান বলেন, গত ৭ আগস্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপীসহ ৮ জনের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
এদিকে, চার্জশিট দাখিল হওয়ার ব্যাপারে এক প্রতিক্রিয়ায় নিহতের স্ত্রী ফরিদা আক্তার জানান, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে চার্জশিট দেওয়ায় তারা সন্তুষ্ট। তবে তুহিনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের দাবি করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গত ৭ আগস্ট সাংবাদিক তুহিনকে ধাওয়া করে চায়ের দোকানের সামনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।

















