জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান।
ওসি জানান, হামলা ও ভাঙচুরের সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
তাঁরা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জুলাই পদযাত্রা করার কথা রয়েছে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা।

















