নেত্রকোনা সংবাদদাতা:
ঈমান বিধ্বংসী ও ভ্রান্ত মতাদর্শী সংগঠন হেযবুত তাওহীদের অপতৎপরতা বন্ধ এবং হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার তৌহিদী জনতার উদ্যোগে জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে ১২ নভেম্বর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা হেযবুত তাওহীদের বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ এবং তাদের অপতৎপরতা জনগণের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা নুরুল আলম মঞ্জুরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী আব্দুর রহিম, ছোট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান আকন্দ, নাগড়া উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ মাসুম বিল্লাহ তাকী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম, সহ-সভাপতি এ বি এম আব্দুল হাদী ফরাজী, সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা কারা নির্যাতিত আলেম মাওলানা মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ ইউনুস। এছাড়াও জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমও বক্তব্য রাখেন।
বক্তারা অতিশীঘ্র এই ভ্রান্ত মতাদর্শী এবং ঈমান বিধ্বংসী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান। এই সংগঠন যাতে নেত্রকোনা জেলায় কোন কার্যক্রম পরিচালনা করতে না পারে সে ব্যাপারে বক্তারা প্রশাসনকে হুশিয়ার করে দেন। মুসলমানদের ঈমান আমল রক্ষায় হেযবুত তাওহীদের মত ভন্ড সংগঠনকে প্রতিহত করতে উলামায়ে কেরাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে হেযবুত তাওহীদ পৃথিবীর সকল মুসলমানকে কাফের মনে করে। তারা নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা বা সাড়ে চৌদ্দশ বছর যাবত পৃথিবীর মুসলিমগণ যে ইসলাম পালন করে আসছে সেই ইসলামকে অর্থাৎ আল্লাহ তায়ালার নাযিলকৃত ইসলামকে তারা অস্বীকার করে। তাদের বক্তব্য অনুযায়ী তাদের সংগঠনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের করোটিয়ার জমিদার পরিবারের সন্তান বায়োজিদ খান পন্নী এই জামানার জন্য আল্লাহ প্রদত্ত এমাম (ইমাম) । তাকে মান্য না করলে কেউ মুসলিম থাকতে পারবে না।

















