⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত সেই মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা

HTML tutorial

ময়মনসিংহ সংবাদদাতা :

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত গভীর রাতে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসানের বয়স ৩১ বছর। তিনি নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মেহেদী অভিযুক্ত ছিলেন। এ ঘটনায় সুরুজ জামানের পরিবারের পক্ষ থেকে তাকে দায়ী করা হয়েছিল। ঘটনার পর প্রথমে মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে রবিবার গভীর রাতে স্থানীয় লোকজন তাকে ধরে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, দুইজনের মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে সাত বছর বয়সী মেয়েও ছিল। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুরুজ জামান। পথিমধ্য বাড়েরা মসজিদ মার্কেট-সংলগ্ন একটি মোড়ে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে উপর্যুপরি আঘাত ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ জামানের বড় ভাই হাসান কাউছার ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সুরুজ জামান হত্যার প্রতিবাদে রবিবার মধ্যরাতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানিয়েছেন, একই এলাকায় দুই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

16 November 2026

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত সেই মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা

www.protidinerchithi.com