⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

ময়মনসিংহে নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের প্রশিক্ষণের আশ্বাস বিভাগীয় কমিশনারের

HTML tutorial

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহ বিভাগে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে হোটেল-রেস্তোরাঁর শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, ভোক্তাদের সুস্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব; এ লক্ষ্যে খাদ্য তৈরি, পরিবেশন ও বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন ও কর্তব্যনিরত হতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে ‘আধুনিক ও মানসম্পন্ন রান্নাঘর’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ আতিকুর রহমান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত রান্নাঘর পরিচালনা এবং হোটেল-রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান, ক্যান্টিন ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, খাদ্য সংরক্ষণ, পরিচ্ছন্ন রান্নাঘর এবং নিরাপদ খাদ্য প্রস্তুতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়মিত পরিদর্শন, সচেতনতামূলক কার্যক্রম এবং আইন প্রয়োগ জোরদারের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, মানসম্পন্ন ও নিরাপদ খাদ্য ভোক্তাদের উপহার দেওয়া একটি ইমানি দায়িত্ব। খাদ্য ব্যবসায়ীরা শুধু ব্যবসায়িক লাভের কথা না ভেবে গ্রাহকের স্বাস্থ্য ও আস্থাকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করবেন। পাশাপাশি রান্নাঘর, সরঞ্জাম, পানির উৎস, মজুদ ব্যবস্থা ও খাদ্য পরিবেশনের ক্ষেত্রে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আছাদুজ্জামান আকন্দ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ অংশ নেন।
এছাড়া জেলা ক্যাব সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ রৌশন আলম চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মঈন আলম, ট্রিপল ট্রির পরিচালক তারিন হাসান এবং অবন্তীর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসনের তৎপরতা নয়, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মনে করেন, প্রশিক্ষণ, নিয়মিত পরিদর্শন এবং স্বাস্থ্যসম্মত রান্নাঘর নিশ্চিত করা গেলে ময়মনসিংহ বিভাগে খাদ্যজনিত ঝুঁকি কমে আসবে এবং ভোক্তাদের আস্থা বাড়বে।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

HTML tutorial

Leave a Reply

17 November 2026

ময়মনসিংহে নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের প্রশিক্ষণের আশ্বাস বিভাগীয় কমিশনারের

www.protidinerchithi.com