নিজস্ব প্রতিবেদক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলার অপর আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ রায় দেন।
একই সঙ্গে, সাজাপ্রাপ্ত সকল আসামিদের স্থাবর সম্পত্তি অর্ধাংশ বাজেয়াপ্ত এবং এই বাজেয়াপ্তকৃত সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্যকোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই’ ২০২৪ আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসাবে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে আদালত।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এই চার আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের জন্য তাদের অভিযুক্ত করা হয়।

















