পিরোজপুর সংবাদদাতা :
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর সদর উপজেলা কমান্ড। বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন– পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক আর্মি সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী। এ ছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কারও কোনো আপত্তি থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয় বলেও তারা উল্লেখ করেন।

















