প্রায় দুই দশক পর আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। কয়েক লাখ লোকসমাগমের আশা তাদের। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান।
দীর্ঘ ২২ বছর পর গ্রিনসিটি খ্যাত রাজশাহী সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে বরণে নানা আয়োজন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের।
স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘রাজশাহী বিভাগের তিন জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। পাশাপাশি সাধারণ মানুষ উনাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।’
আরেক সমর্থক বলেন, ‘আমরা যখন ২৯ তারিখের সফরের কথা মানুষের কাছে বলতে গেছি, তখন দেখেছি সাধারণ মানুষের কাছেও একটা উদ্দীপনা এই যে, একটা পলক আমরা ওই মানুষটাকে দেখতে যাবো।’
মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা। জনসভা সফল করতে রয়েছে সব ধরনের প্রস্তুতি।
রাজশাহী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, ‘নাটোর, রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলা, ‘চাঁপাইনবাবগঞ্জের এমপি প্রার্থী ও নেতাকর্মীদের আমরা বলে দিয়েছি যে, দীর্ঘ সময় পর তারেক রহমানের আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়।’
রাজশাহী মহানগর কমিটি বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ধানের শীষের প্রার্থীর জন্য তিনি আসছেন, জনগণের জন্য তিনি আসছেন। আমার ধারণা তিনি আসলে আমাদের যে ভোট ছিল তার চেয়ে আমাদের দ্বিগুণ ভোট বৃদ্ধি পাবে।’
বিএনপি চেয়ারম্যানের সভাস্থল জনসমুদ্রে পরিণত হওয়ার আশা আয়োজকদের। রাজশাহীর ৬টি আসনসহ আশপাশের তিনটি জেলার নেতাকর্মীদের নিয়ে হয়েছে প্রস্তুতি সভা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামী ২৯ তারিখে রাজশাহীতে বিএনপির জনসভা। তারেক রহমানের জনসভা ১৭ বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ।’
এর আগে, ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।

















