ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত দলগুলোর প্রতীকের বিষয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের বিষয়টি সরকারের হাতে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইসি সচিব বলেন, ‘জোটভুক্ত হলে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবে কি না, আরপিওর এই ধারা সংশোধনের এখতিয়ার সরকারের।’
সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায় গণপ্রতিনিধিত্ব সংশোধনী অধ্যাদেশ ২০২৫। এর ২০ নম্বর অনুচ্ছেদের সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটভুক্ত হলেও নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে।
আরপিও সংশোধনী নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি বলছে, জোটের ক্ষেত্রে প্রতীক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রার্থীকে নির্বাচনের মাঠে এগিয়ে রাখে। তাই জোটের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্ধারণ হওয়া উচিত।
অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি, এতদিন ভুল পদ্ধতি প্রচলিত ছিল বলেই তা সংশোধন করা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২, নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।’
এ হিসেবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার বেড়েছে বলে জানান তিনি। ইসি সচিব আরও বলেন, ‘আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত হবে ভোটার তালিকা। ১৭ নভেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে। চূড়ান্ত হলে সামান্য সংযোজন-বিয়োজন হবে। এই ভোটার তালিকাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

















