আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো লক্ষণ নেই বলে মনে করছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের পরই এবারের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
উপদেষ্টা বলেন, তাবলীগ জামাতের দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এ সময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা নির্বাচনের পর হবে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে ইজতেমা। তাবলীগ জামাতের দু পক্ষই এতে সম্মতি দিয়েছে।
আ ফ ম খালিদ হোসেন বলেন, আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ, পরিকল্পনা নেই। নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সাথে হাই কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে।
এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত আছে। দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না। আমাদের নিয়ত সহিহ-পরিশুদ্ধ, অতএব একটি অবাধ-সুষ্ঠু-উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক আছে।
উপদেষ্টা বলেন, ড. জাকির নায়েককে যারা আনতে চান তাদের একটি দল দেখা করেছিল। তাদের জানিয়েছি এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমান আসলে সে বিষয়টি দেখভাল করে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে ধর্ম উপদেষ্টার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

















