বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছেন। দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালিত হবে বলে বুধবার সন্ধ্যায় জানান শিক্ষক নেতারা।
এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর আজ বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় থেকে সরেছেন তাঁরা।
এর আগে, রাজধানীর শাহবাগ মোড়ের অবস্থান নেওয়া শিক্ষকেরা সরে যান। এর ফলে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে শিক্ষকেরা কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে রয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার পর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দেন শিক্ষকেরা। এরপর থেকে তারা শহীদ মিনারের দিকে যেতে থাকেন।
আজ সকাল থেকে চতুর্থদিনের মতো আন্দোলন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকেরা। শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে যান। অবস্থান নিয়ে তারা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
গতকাল মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। আজ এলো যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা।

















