⁜ অর্থ-বাণিজ্য

⁜ প্রযুক্তি

⁜ বিনোদন

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

HTML tutorial

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। থাকতে পারবে না কোনো সরকারি পদেও। অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা ২০সি যুক্ত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হবেন।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে সারাদেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং মামলার কার্যক্রম চলছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। গত ১৩ মে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিবৃতিতে ‘সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ (এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন) কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা-কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে।’

গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সরকারের আদেশে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া কোনো রাজনৈতিক দল ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।

ইসি সানাউল্লাহ বলেন, ‘কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল নির্বাচনে অংশ নিতে পারবে না৷ স্বতন্ত্র করতে পারবে কিনা, সেটি সময় বলে দেবে।’

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন–বিটিআরসি প্রণীত টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি, ২০২৫ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ইন্টারনেট ডেটার দাম কমাতে স্টারলিংককে পরিকল্পনা দেওয়ার কথাও জানিয়েছে সরকার।

শফিকুল আলম বলেন, ‘বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে যে কেউ বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করতে পারবেন।’

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। মোবাইল কোম্পানিগুলোকে আগামী তিন বছরে তাদের ১৫ শতাংশ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে বলেও জানান তিনি।

HTML tutorial

Leave a Reply